October 21, 2026, 10:40 am

জনগণের সেবায় ভোর থেকে রাত পর্যন্ত কাজ করছি: আইনমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

জনগণের সেবা নিশ্চিত করতে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, উপজেলার কোথায় কী ধরনের দুর্বলতা ও সংকট রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের সংকট রয়েছে। প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে হলেও মাঠ তৈরি করে দেওয়ার উদ্যোগ নেবেন তিনি। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফল অর্জনের আহ্বান জানান। চাকরি দেওয়ার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের কাজে দলের কোনো নেতার সম্পৃক্ততার তথ্য পেলে ওই দিনই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, দলের কোনো নেতার ডোপ টেস্টে পজিটিভ ফল এলে তাঁকেও ছাড় দেওয়া হবে না। বিএনপির কোনো নেতা রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।



ফেসবুক কর্নার