October 21, 2026, 10:37 am

জাতীয় ঐক্য বিনষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ অক্টোবর) সকালে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে দৃঢ় থাকতে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন। বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে উৎসব পালনকে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য কিংবা নিপীড়নের শিকার হওয়া গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানান। ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার