October 21, 2026, 2:01 pm

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

অভয়নগর প্রতিবেদক

 

প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হয়েছেন সাবেক লাক্স সুন্দরী ও অভিনেত্রী নাফিজা জাহান। মঙ্গলবার (২০ অক্টোবর) সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী রাজীব হাসান। তবে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তাঁরা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা নাফিজার প্রথম সন্তানের জন্ম সেখানেই হয়েছে।

রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা নাফিজার একটি ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, দীর্ঘ অপেক্ষার পর তাঁদের ঘরে কন্যাসন্তান এসেছে। এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নবজাতক ও তার মায়ের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি। অন্যদিকে, নিজের ফেসবুকে মেয়ের হাতের ছবি প্রকাশ করে নাফিজা কন্যাসন্তানকে তাঁর ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেন। সুখবরটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

গত সেপ্টেম্বরে নাফিজার মা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তখন তাঁর বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০১৩ সালের দিকে ক্যারিয়ারের জনপ্রিয়তার মধ্যেই দেশ ছাড়েন তিনি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। কন্যাসন্তানের আগমনে তাঁদের সংসারে নতুন অধ্যায় শুরু হলো।



ফেসবুক কর্নার