October 24, 2026, 3:35 pm

হুথি হামলায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ঝুঁকি বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ১১৬ দশমিক ৭২ ডলার, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেশি। একই দিনে ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৩ দশমিক ২৭ ডলারে, যা বৃহস্পতিবারের তুলনায় ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেশি। বিশ্লেষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এমন মূল্যস্তর দেখা গিয়েছিল গত ২৯ এপ্রিল।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তেল সরবরাহের ঝুঁকি বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বাজারের উদ্বেগ বাড়িয়েছে। এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়; তবে প্রধান শেয়ার সূচকগুলো দিন শেষ করে পতনের মধ্য দিয়ে।



ফেসবুক কর্নার