
ব্রাজিলের একটি কবরস্থানে বাবার কবরের পাথরের কাঠামো ভেঙে ভেতরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দেশটির এস্পিরিতো সান্তো রাজ্যের লিনহারেস শহরের সাও জোসে পৌর কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত এক বন্ধুর দাফনে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, বন্ধুর দাফনের স্থান সম্পর্কে জানার পর ওই ব্যক্তি মোটরসাইকেল পার্ক করে বাবার কবরের কাছে যান। সেখানে কবরের পাথরের ঢাকনার ওপর বসতেই কাঠামোটি ভেঙে পড়ে এবং তিনি ভেতরের সমাধিকক্ষে পড়ে যান। শব্দ শুনে কবরস্থানে থাকা লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে খবর দেন। পরে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন। কবরস্থানের কর্মী নাজারে ব্রাভিনও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। লিনহারেস সিটি কাউন্সিল নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক বিবৃতিতে পরিষদ জানায়, কবরস্থানের সাধারণ জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হলেও ব্যক্তিগত কবরের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারের। সামনে ‘অল সোলস ডে’ উপলক্ষে কবরস্থানে দর্শনার্থীর সংখ্যা বাড়তে পারে উল্লেখ করে সবাইকে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।