September 9, 2026, 9:51 am

বাঁধনের হেনস্তার ঘটনায় সংসদে প্রতিবাদ

ইসমাইল হোসেন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারা এবং শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতালি সরকারের পাশাপাশি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় না পড়লেও বাংলাদেশের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হওয়ায় সংসদের বিশেষ ক্ষমতাবলে তা উত্থাপনের সুযোগ চান তিনি। তাঁর ভাষ্য, চলচ্চিত্র-সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে বাঁধন ইতালির ভেনিসে গিয়েছিলেন এবং সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। সংসদ সদস্যের দাবি, পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে পার্কে হাঁটার সময় বাঁধনের ওপর হামলা ও মৌখিকভাবে হেনস্তা করা হয়। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর কারণেই এ ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া শিল্পীর ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িতদের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে দাবি করে জহরত আদিব চৌধুরী জানতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে। ইতালির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা সংসদ ও দেশের মানুষ জানতে চায় বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ উপস্থিত নেই। তারা উপস্থিত হলে এ বিষয়ে বক্তব্য শোনা হবে। তিনি ঘটনাটিকে অমার্জনীয় ও নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে বক্তব্য নেওয়ার কথা জানান।



ফেসবুক কর্নার