September 9, 2026, 9:52 am

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে অগ্রণী ভূমিকা চান মারুফ

আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ সমাধানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জনগণের প্রত্যাশা। তাঁর মতে, দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো প্রয়োজন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের পরবর্তী প্রজন্মসহ বর্তমানে এ জনগোষ্ঠীর সংখ্যা আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। রোহিঙ্গা সংকটের প্রভাব কক্সবাজারের বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে বলেও তিনি মন্তব্য করেন।
কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতি মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানসহ মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা রোহিঙ্গা সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনজীবনের স্বস্তি এবং সরকারের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। সভা থেকে দেশের স্বার্থে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার