
খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থাপন করা হয়েছে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টায় বাকেশি প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীসহ অতিথিরা বাকেশির ছাদে স্থাপিত সোলার প্ল্যান্ট পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমি। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। শিল্পপ্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে। সভাপতির বক্তব্যে বিলকিস জাহান রিমি বলেন, অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা থাকবে। তিনি জানান, প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি নিজেই। অনুষ্ঠানে বাকেশি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. এনামুল হক, মহাব্যবস্থাপক মো. মসলেম উদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ সময় খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।