September 9, 2026, 8:54 pm

তাস খেলার ভিডিও ভাইরাল, বিএনপি নেতা অব্যাহতি

বিল্লাল হোসেন

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের তাস খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই ভিডিওতে থাকা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (মাহি)কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রায় ২২ সেকেন্ডের ওই ভিডিওতে তিন ব্যক্তিকে একটি স্থানে বসে তাস খেলতে দেখা যায়। তাদের সামনে টাকা রয়েছে বলেও ভিডিওতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, এ ধরনের একটি অভিযোগ তারা পেয়েছেন। এ ঘটনায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইফতেখার উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে ভিডিওতে থাকা ওবায়দুল ইসলাম (মাহি) অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় ওবায়দুল ইসলাম (মাহি)কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।



ফেসবুক কর্নার