September 15, 2026, 5:37 pm

জনগণের কথা না শুনলে পথ হারাবো: আইনমন্ত্রী

মিজানুর রহমান সাগর

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। তাদের কথা বলার সুযোগ না দিলে এবং মতামত না শুনলে দায়িত্বশীলরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করাই সরকারের অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় রাতের পর রাত অপেক্ষা করতে না হয়—এমন পরিবেশ তৈরি করা সবার লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে; তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশ সবার এবং দেশকে সামনে এগিয়ে নিতে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সবাই বিপদের মুখে পড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন বিষয় ও জনগণের সমস্যা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।



ফেসবুক কর্নার