October 5, 2026, 8:42 am

হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

অভয়নগর প্রতিবেদক

হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গোয়েন্দা নজরদারি ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে নজরদারির জন্য মার্কিন বাহিনী ওই ড্রোন ব্যবহার করছিল।
আইআরজির বিবৃতিতে জব্দ করা ড্রোনটিকে ‘রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল’ (ইউইউভি) হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ড্রোনটিতে থাকা গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা করছেন তাদের নৌবাহিনীর সদস্যরা। চলতি সেপ্টেম্বরের শুরুর দিকেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন পক্ষ থেকে সর্বশেষ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তারা প্রণালিটিতে অবরোধ জারি করেছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার