September 28, 2026, 10:33 pm

যুবদল নেতার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

অভয়নগর প্রতিবেদক

ফেনী সদর উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন মীরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তুলে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী মো. আলা উদ্দিন। মামলায় চুমকি আক্তার ছাড়াও তৈয়ব ও গিয়াস উদ্দিন মীরকে আসামি করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় আবেদন করেন আলা উদ্দিন। আবেদনে তিনি স্ত্রীর চলাফেরা ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলার পর তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।
আদালতে দেওয়া আবেদনে আলা উদ্দিন অভিযোগ করেন, বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজ বাসার সামনের রাস্তায় তাকে দেখতে পেয়ে ২ ও ৩ নম্বর আসামি তৈয়ব ও গিয়াস উদ্দিন মীর অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। তাদের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বেশি বাড়াবাড়ি করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাদী ও তার পরিবারের সদস্যদের মাদক মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন আলা উদ্দিন।
এর আগে ২৩ সেপ্টেম্বর ফেসবুক লাইভে মহিলা দলকে ‘নষ্ট দল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন চুমকি আক্তার। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেয় জেলা মহিলা দল। একই লাইভে সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও হুমকির অভিযোগে ফেনী মডেল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করেন এক সম্পাদকসহ চার সাংবাদিক। পরে ২৫ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুমকি আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় ফেনী জেলা ছাত্রদল। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।



ফেসবুক কর্নার