
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। দুই মিনিট পর রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর সিট পুড়ে যায়।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা খুব বেশি ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, বিসকা স্টেশনে যাত্রাবিরতি শেষে শম্ভুগঞ্জের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর আগুনের ঘটনা ঘটে। পরে গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।