
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ের গোলচত্বর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে লরির ধাক্কায় ট্রাকচালক ইসমাইল হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় লরির চালক ও হেলপার আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার তীব্রতায় ট্রাকচালক ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত ইসমাইল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।