
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বাহিনীর সূত্র জানায়, জেলায় সাত প্লাটুন বিজিবি, চার প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এসআরবির আটটি টহল দলও মাঠে থাকবে। বিজিবি সদস্যরা শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর সেতু ও শিমরাইলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আনসার সদস্যরা।
জেলা পুলিশ সূত্র জানায়, সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য কাজ করবেন এবং অন্য জেলা থেকে আরও ৩০০ সদস্য আনার ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জেলার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, সাদা পোশাকেও সদস্যরা মাঠে থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট বসানো হবে।
মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশও বিশেষ প্রস্তুতি নিয়েছে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, শিমরাইল মোড়ে পাঁচজন ও তারাবো চেকপোস্টে ১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, জেলা পুলিশের চেকপোস্টগুলোতে তাঁরা সহযোগিতা করবেন। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানান, নেতাকর্মীরা শহরসহ বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নেবেন।