
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নবোদয় হাউজিংয়ের ৩ নম্বর সড়কের বি ব্লকের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, গোলাম রব্বানী শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, শামীমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।