
আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আশিক সরকার ও আফজাল রহমান, ঢাবি ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, কবি জসীমউদ্দিন হলের যুগ্ম আহ্বায়ক আলোক রহমান, জহুরুল হক হলের আহ্বায়ক সদস্য হারুনুর রশিদ এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের আহ্বায়ক সদস্য ইসমাঈল হোসেন পারভেজসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা। লিফলেটে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
লিফলেটে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নাশকতার চেষ্টা করতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনা সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।