
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত, চুরি প্রতিরোধ, দালালদের হয়রানি বন্ধ এবং সুশৃঙ্খল অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত এ দুটি স্থাপনার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা, চুরি প্রতিরোধ এবং দালালদের হয়রানি থেকে সুরক্ষা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রোগীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। সেবা সহজ করতে স্থায়ী সরকারি ফোন নম্বর চালু এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধি নিয়োজিত রাখার পরিকল্পনাও রয়েছে। হাসপাতালের যানজট কমাতে সীমিত পরিসরে তিনটি অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দেওয়া হয়েছে। রোগী নামানোর পর অ্যাম্বুলেন্স নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প পার্কিংয়ের জন্য টিবি পুকুর হাসপাতাল ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পশ্চিম পাশের খালি জায়গা ব্যবহারের প্রস্তাবও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।
অ্যাম্বুলেন্স ভাড়া প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, আপাতত পূর্বনির্ধারিত ভাড়ায় সেবা চালু থাকবে। তবে ভাড়া বৃদ্ধির আবেদন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সময়োপযোগী ভাড়া নির্ধারণ করা যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশের ট্রাফিক বিভাগ এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির সমন্বয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহীর সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, কলেজের অধ্যাপক এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।