
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লোকাল বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় ট্রাকে এবং সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় বাসে আগুন দেওয়া হয়। দুই ঘটনায় চালক, হেলপার ও যাত্রীরা নিরাপদে সরে যেতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে খড় নামাতে দাঁড়ায়। চালক ও হেলপার ট্রাকে ঘুমিয়ে থাকা অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। এক পথচারী নারী আগুন দেখে চালককে জাগিয়ে তোলেন। চালক জ্বলন্ত খড় পানিতে ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকের সব খড় পুড়ে যায়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, চালক ও হেলপার ক্ষতিগ্রস্ত হননি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর সেতু এলাকায় সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) লোকাল বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটি যাত্রী তুলতে থামলে পেছনের অংশে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত নেমে যান। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা জানান, পুড়ে যাওয়া বাসটি রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হয়েছে।