
সম্পর্ক শেষ হওয়ার পরও প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল দেখার কৌতূহল অনেকের মধ্যেই থাকে। নতুন ছবি, পুরোনো পোস্ট কিংবা তার বর্তমান জীবন সম্পর্কে জানার আগ্রহ থেকে বারবার প্রোফাইলে ঢুঁ মারা অভ্যাসে পরিণত হতে পারে। এতে অস্বস্তি বা মানসিক চাপ বাড়তে পারে। কয়েকটি অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ প্রবণতা কমানো সম্ভব।
১. প্রোফাইলটি চোখের আড়ালে রাখুন: প্রাক্তনের পোস্ট বা স্টোরি সামনে এলে আগ্রহ বাড়তে পারে। তাই কিছুদিন মিউট বা আনফলো করে রাখতে পারেন। প্রয়োজন মনে হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সাময়িক বিরতি নেওয়া যেতে পারে।
২. নিজেকে প্রশ্ন করুন: প্রোফাইলে ঢোকার আগে ভাবুন, আসলে কী জানতে চাইছেন। কৌতূহল মেটাতে গিয়ে অনেক সময় নতুন প্রশ্ন বা অস্বস্তি তৈরি হতে পারে।
৩. অন্য কাজে মন দিন: প্রোফাইল দেখার ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে ফোন না নিয়ে গান শোনা, হাঁটা, বন্ধুর সঙ্গে কথা বলা বা অন্য কাজে মনোযোগ দিতে পারেন। ১০-১৫ মিনিট অন্যদিকে মনোযোগ দিলেও তাৎক্ষণিক তাগিদ কমতে পারে।
৪. তুলনা করবেন না: সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মানুষের পুরো জীবন দেখা যায় না। তাই প্রাক্তনের অনলাইন জীবন দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকুন।
৫. কয়েক দিনের বিরতি নিন: নিজের জন্য সাত দিনের একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন—এই সময়ে প্রাক্তনের কোনো আপডেট না দেখা। ইচ্ছা হলে কিছুক্ষণ অপেক্ষা করে অন্য কাজে মন দিন। সময়ের সঙ্গে এ অভ্যাসের তাগিদ কমতে পারে।
প্রাক্তনের প্রতি কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। তবে তার জীবন সম্পর্কে জানতে গিয়ে যদি নিজের স্বাভাবিক জীবনযাত্রায় অস্বস্তি তৈরি হয়, তাহলে কিছুটা দূরত্ব রাখা নিজের প্রতি যত্ন নেওয়ার একটি উপায় হতে পারে।