October 5, 2026, 4:49 am

ঝিগাতলায় শিক্ষার্থী-হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে মধ্যরাতে উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ঝিগাতলার বড় মসজিদসংলগ্ন সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান। এতে তিন শিক্ষার্থী আহত হন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায় এবং অপর দুজনের শরীরেও আঘাত লাগে। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও করেন তারা।

  • ঘটনার খবর ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে বড় মসজিদসংলগ্ন সড়কে অবস্থান নেওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশও বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।



ফেসবুক কর্নার