
রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ঝিগাতলার বড় মসজিদসংলগ্ন সড়কে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান। এতে তিন শিক্ষার্থী আহত হন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায় এবং অপর দুজনের শরীরেও আঘাত লাগে। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও করেন তারা।