October 5, 2026, 7:18 am

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান বিমানমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন শুধু স্কুল ও ঘরের মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত করতে হবে। খেলাধুলা তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বেকার যুবক-যুবতীদেরও খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের সক্রিয় ও স্বাবলম্বী করতে হবে, যাতে তারা পরিবার ও সমাজে ভূমিকা রাখতে পারেন।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জনগণের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তব্যের শুরুতে টুর্নামেন্টের দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।



ফেসবুক কর্নার