October 5, 2026, 3:15 am

মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

উন্নয়নের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারের পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে জনগণের সেবায় নিয়োজিত করতে হবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন। কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে তিনি প্রযুক্তি, সেচ, অর্থায়ন ও বাজারে কৃষকদের প্রবেশাধিকার বাড়ানোর কথা জানান।
পানি নিরাপত্তায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া এবং তিস্তা মহাপরিকল্পনা প্রণয়নের কথা জানান প্রধানমন্ত্রী। একই সময়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। সম্মেলনটি ৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার