October 5, 2026, 2:21 pm

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

অভয়নগর প্রতিবেদক

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে আবারও অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের বিশেষ অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তা দখলমুক্ত করতে সিটি করপোরেশন কাউকে জিজ্ঞেস করবে না। কোনো বাধা বা উসকানিকে বিবেচনায় না নিয়ে উচ্ছেদ কার্যক্রম চলবে। উচ্ছেদের পর ফুটপাত পুনরায় দখল ঠেকাতে ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় এই টিম নিয়মিত তদারকি করবে বলেও জানান তিনি।
এদিকে এডিস মশা নিধনে ডিএনসিসির বিশেষ কর্মসূচি চলমান রয়েছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, চলতি অক্টোবরের মধ্যেই উত্তর সিটিকে ডেঙ্গুমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। প্রশাসক জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে উত্তর সিটির আওতাধীন হাসপাতালগুলোতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এই সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এ জন্য নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার