October 5, 2026, 6:33 am

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান

অভয়নগর প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি জানান, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান নিরাপদে রূপপুরে পৌঁছেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইউরেনিয়াম বহনকারী বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে তিনটি বিশেষ লরির বহর কঠোর নিরাপত্তায় রূপপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।
২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। শিগগিরই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২৪০০ মেগাওয়াট। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।



ফেসবুক কর্নার