
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে সরকার কাজ করছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়, সে জন্য সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না এবং নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে। পুলিশ সদস্যদের কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পরে কাবাডি প্রতিযোগিতা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।