October 5, 2026, 5:49 am

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না

অভয়নগর প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে সরকার কাজ করছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে, সে জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিষয়ে কোনো তদবির না করে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে। পুলিশ সদস্যদের কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কাবাডি প্রতিযোগিতা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী।



ফেসবুক কর্নার