
সারাদেশের ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বছরব্যাপী কৃষি উৎপাদন বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে। মসজিদের সঙ্গে যুক্ত থাকায় তাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা তৈরি সম্ভব। আধুনিক কৃষিতে যুক্ত হয়ে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।
তিনি কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে বিষমুক্ত ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে হাফেজ মাওলানা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারসহ অন্যরা। শেষে তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।