October 5, 2026, 4:03 am

গোপালগঞ্জে ট্রমা সেন্টার শুধু অট্টালিকা: অর্থ উপদেষ্টা

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শেখ হাসিনা গোপালগঞ্জে ট্রমা সেন্টারের নামে শুধু অট্টালিকা বানিয়ে রেখেছেন। সেখানে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নেই, রোগীও যায় না। অথচ যেখানে ট্রমা সেন্টারের প্রয়োজন, সেখানে এমন প্রতিষ্ঠান নেই। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা চত্বরে যাত্রাবিরতিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, জনগণের স্বার্থে এবং জনগণকে সঙ্গে নিয়ে কোনো উন্নয়ন করা না হলে তা লুটপাটতন্ত্রে পরিণত হয়। পতিত সরকার সেই তন্ত্র জারি করে দেশ থেকে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, উত্তরাধিকার সূত্রে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় পাওয়া গেছে, যা পৃথিবীতে ঋণখেলাপির শীর্ষে অবস্থান করছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হলেও সেখানে জনগণ ভোট দেয়নি। তাদের সময়ে লুটপাটতন্ত্র কায়েম হয়েছিল। সেখান থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণের উন্নয়নের কথা ভাবছেন এবং দেশকে উৎপাদনমুখী ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চান। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলের সোবাহান শামীম, সাইদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি ও কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদসহ অনেকে।



ফেসবুক কর্নার