October 5, 2026, 7:18 am

জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ

অভয়নগর প্রতিবেদক

 

আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার অসম্পন্ন জবানবন্দি গ্রহণ করা হবে।

প্রসিকিউশন জানায়, গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন তিনি আংশিক জবানবন্দি দেন। বাকি অংশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছে। জবানবন্দিতে তদন্তের বিভিন্ন পর্যায়ে কোথায় কোথায় গেছেন, কী তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো কীভাবে মামলার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত, তা তুলে ধরবেন তিনি। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে অভিযোগগুলো প্রমাণে সক্ষম হয়েছেন তারা।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগও আনা হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।



ফেসবুক কর্নার