October 5, 2026, 2:09 am

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় সদর থানা পুলিশ অভিযান চালায়। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় গিয়াসনগর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন।
শামীম আহমেদ আরও বলেন, ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।



ফেসবুক কর্নার