October 5, 2026, 12:13 pm

বিশ্ব শিক্ষক দিবসে আজ ১০০ শিক্ষককে সম্মাননা

অভয়নগর প্রতিবেদক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০০ শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি বাড়াতে এবার জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে ১০০ জনে উন্নীত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০, মাধ্যমিকে ২০, কলেজে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০, মেডিক্যাল কলেজে ১০, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জন রয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ইউজিসির পৃথক সার্চ কমিটির প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি ১০০ শিক্ষককে চূড়ান্ত করেছে। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স : সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।



ফেসবুক কর্নার