October 17, 2026, 10:23 am

নিজ কলেজে প্রধানমন্ত্রী, দেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরে কলেজটি পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা সম্ভব নয়; এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলন কোনো একক দলের প্রচেষ্টায় সফল হয়নি, বরং সবাই মিলে তা সফল করেছে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব হলেও শুধু আন্দোলনেই দায়িত্ব শেষ হয় না; দেশ পুনর্গঠনেও তাদের ভূমিকা রাখতে হবে।

রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দূষিত বাতাসের কারণে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সরকার দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়। বক্তব্যের শেষে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’



ফেসবুক কর্নার