October 17, 2026, 10:04 am

হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে তিনটি বই রাখার নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

 

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনায় অধীনস্থ দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। বই তিনটি হলো মাহফুজ উল্লাহর লেখা প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী ও বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা সবার আগে বাংলাদেশ। বইগুলোর সম্মিলিত মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

নথি অনুযায়ী, গত ২৩ আগস্ট বইগুলোর প্রকাশক জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার পক্ষে জহির দীপ্তি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল উল্লেখ করে মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়। প্রতিমন্ত্রী চিঠিতে ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাক্ষর ও দাপ্তরিক সিলসহ স্বাস্থ্যসেবা বিভাগকে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। প্রকাশনা সংস্থার দাবি, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পাঠ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে। পরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের অধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেয়।

এর আগে গত ৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই তিনটি বই রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে ব্যাপক আলোচনার পর ৬ জুলাই সেই নির্দেশ বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সরকারি অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগ্রহের নির্দেশের নজির অতীতেও রয়েছে। ২০১৯ সালের আগস্টে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল। ২০১৪ সালেও শেখ মুজিবকে নিয়ে এক আমলার লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।



ফেসবুক কর্নার