
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পছন্দের পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। এ ঘটনায় তাঁর নিজের গালে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৪ অক্টোবর ঘোষিত নতুন কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন পায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়া দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর অভিযোগ, আন্দোলনে ভূমিকা না রাখা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, অথচ আন্দোলনে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হওয়া নেতাকর্মীরা পদ পাননি। তিনি বর্তমান কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্যের চাহিদা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন। তাঁর দাবি, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি করা হয়েছে। নতুন কমিটি নিয়ে মহসিন ভূঁইয়ার ক্ষোভ প্রকাশের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।