October 20, 2026, 3:57 pm

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

হামিদুর রহমান,স্টাফ রিপোর্টার তানোর রাজশাহী:

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে জনসভায় তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী জনসভায় আখচাষিদের জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন। পরে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে ডিজিটাল বোতাম চাপার মাধ্যমে একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভায় উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে প্রণোদনার পরিমাণ ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বলেও উল্লেখ করা হয়েছে। একসঙ্গে অর্থ পৌঁছে যায় কৃষকদের হিসাবে ডিজিটাল পদ্ধতিতে কর্মসূচির উদ্বোধনের পর প্রণোদনার অর্থ সরাসরি সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যায়। অর্থ জমা হওয়ার পর কৃষকদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর ফলে দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর প্রতীকীভাবে দেশের ১৫টি চিনিকল/মিল জোনের ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
জনসভায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক উপস্থিতি
মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাস্থলে পৌঁছান। এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, অর্থাৎ হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজশাহী অঞ্চলে গত এক দশকে আখচাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। কৃষকদের একটি বড় অংশ স্বল্পমেয়াদি ও তুলনামূলক লাভজনক ফসলের দিকে ঝুঁকে পড়ায় আখের আবাদ কমে যাচ্ছে। একই সঙ্গে আখের সরবরাহ কমে যাওয়ায় চিনিকলগুলোর উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় আখচাষিদের জন্য সরকারি প্রণোদনা দেওয়ার উদ্যোগকে কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন খরচের চাপ কিছুটা কমানোর পাশাপাশি কৃষকদের আখচাষে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচির মাধ্যমে রাজশাহী অঞ্চলের বিপুলসংখ্যক আখচাষি সরাসরি আর্থিক সহায়তা পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। একই সঙ্গে আখচাষে উৎপাদন বাড়ানো এবং দেশের চিনিশিল্পে কাঁচামালের সংকট মোকাবিলায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম রাজশাহী সফর। সফরকে কেন্দ্র করে রাজশাহী নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং জনসভাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে



ফেসবুক কর্নার