
যশোরে স্প্রে করে এক মিলের ম্যানেজারকে অচেতন করে তাঁর কাছে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আজমল হোসেন (৬০) যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জ এলাকার সুবল সাহার মিলে ম্যানেজার হিসেবে কর্মরত।
প্রাপ্ত তথ্যমতে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের জন্য মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুরে নতুনহাট এলাকায় মহাসড়কের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা স্প্রে ব্যবহার করে তাঁকে অচেতন করে সঙ্গে থাকা ছয় লাখ টাকা নিয়ে যায় এবং তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে শনাক্ত করে মিলমালিককে খবর দেন।
পরে মিলের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।