October 22, 2026, 12:36 pm
শিরোনাম :

এনসিপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য চান পাটওয়ারী

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই মন্ত্রণালয়ের কথা জানান তিনি। পাটওয়ারীর ভাষ্য, সরকার গঠন করলে দলের মধ্যে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হবে; কোনো একক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ হিসেবে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন পাটওয়ারী। অন্যদিকে, ব্যবসায় শিক্ষার পটভূমি এবং দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন বলে মনে করেন তিনি।

সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও নিজের মত জানান পাটওয়ারী। তাঁর মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। পরিবহন খাতেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি। মহাসচিব পদ নিয়ে প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। রাজনীতি থেকে আগেভাগে অবসরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।



ফেসবুক কর্নার