October 22, 2026, 1:56 pm

বাবাকে মূল্যায়ন না করার মাসুল দিচ্ছে দেশ: রুমিন ফারহানা

অভয়নগর প্রতিবেদক

 

ভাষাসৈনিক অলি আহাদের মতো সত্যবাদী মানুষকে রাজনীতিতে যথাযথ মূল্যায়ন না করাকে পাপ হিসেবে উল্লেখ করেছেন তাঁর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, “আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।” অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজের বাসভবনের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনীতি আজ যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে সবাই দায়ী। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও বড় মাপের নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদ।



ফেসবুক কর্নার