
কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে প্রায় দুই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে দালালেরা কাজের প্রলোভন দেখিয়ে রাতের আঁধারে বিভিন্ন সীমান্তপথে তাঁদের ভারতে নিয়ে যান। পরে তাঁরা দেশটির বিভিন্ন স্থানে কাজ করছিলেন। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ওসি সাইফুর রহমান আরও জানান, কারাভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ ছয়জনকে বাংলাদেশে ফেরত পাঠায়। বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।