October 23, 2026, 6:48 am
শিরোনাম :
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন

বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার, মোকামতলা, বগুড়া :

 

 

দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকারের সময় থেকে শেখ হাসিনার শাসনামল পর্যন্ত দেশে স্বৈরাচারের উত্থানের পথ তৈরি হয়েছে। গত ২০ বছরে বগুড়ার মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মমইন কনভেনশন সেন্টারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন: সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বগুড়ার শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নগরায়ণের উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, বগুড়া কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা, যেখানে বছরে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত থাকে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সরকার কাজ করছে।

বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে এবং বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে গতি আসবে। বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দ, জেলার ১৩টি উপজেলার উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি বগুড়া ওয়াসা ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বিসিক শিল্প পার্ক স্থাপন, মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীতকরণ, যানজট নিরসনে ৭০ কোটি টাকা বরাদ্দ, যমুনার ভাঙন রোধ, পানি সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ এবং বগুড়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার উদ্যোগের কথাও বলেন তিনি। সভায় প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়ন করতে হবে। আমরা তা করব, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় মীর শাহে আলম ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াকে সরকারের ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি অতীতের নির্যাতন ও বঞ্চনার ইতিহাস তুলে ধরার পাশাপাশি দলীয় অপপ্রচার ও হিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান। শহরের যানজট ও জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের পরামর্শও দেন প্রতিমন্ত্রী। অন্যদিকে, আতিকুর রহমান রুমন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে তা কারও বিরুদ্ধে গেলেও তাঁরা তা স্বাগত জানাবেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ প্রশাসন, শিক্ষা, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বগুড়ার উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানো, অবকাঠামো সম্প্রসারণ এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।



ফেসবুক কর্নার