
বলিউড অভিনেতা রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিবাচক সাড়া মিলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম বুকিং থেকে আয় ১০ কোটি টাকার ঘরে পৌঁছেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৫ নভেম্বর প্রথম দিনের প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে মোট ৮ কোটি ১৬ লাখ টাকা আয় হয়েছে। তবে নির্মাতাদের সংরক্ষিত টিকিট ও ব্লক করা আসন বাদ দিলে প্রকৃত বুকিংয়ের পরিমাণ প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা। ভারতে সিনেমাটির প্রায় ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। অগ্রিম বুকিংয়ে দিল্লিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে। মুম্বাইয়েও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।
দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে টিকিটের চড়া দাম। মুম্বাইয়ের কিছু প্রদর্শনীতে রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ টাকা পর্যন্ত উঠেছে। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটিতে রণবীর কাপুরকে রাম এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাবে। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের এই সাড়া সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে।