
পাকিস্তানের জনপ্রিয় তারকা জুটি মাওরা হোসাইন ও আমির গিলানি প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) পুত্রসন্তানের জন্মের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তারা। ইনস্টাগ্রামে একটি যৌথ ভিডিও প্রকাশ করে নবজাতককে স্বাগত জানান আমির। ভিডিওতে তাকে সন্তানের কানে আজান দিতে দেখা যায়।
সন্তানের নাম রাখা হয়েছে ‘সৈয়দ আজমার হুসাইন কামাল গিলানি’। আমির জানান, ‘আজমার’ শব্দের অর্থ সিংহ, যা শক্তি ও সাহসিকতার প্রতীক। সন্তানের আগমনকে নিজেদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘আমাদের রাজ্যের রাজা, আমাদের গর্ব এবং সবচেয়ে মূল্যবান ধন।’ অন্যদিকে, মাওরা ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের নতুন পরিবারের জন্য ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
গর্ভাবস্থার খবর আগে গোপন রাখায় এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ও আনন্দ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের শোবিজ অঙ্গনের অনেক তারকাই নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। মাওরার বোন ও অভিনেত্রী উর্ভা হোসাইন নবজাতককে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০২০ সালের নাটক ‘সাবাত’ এবং ২০২৩ সালের ‘নিম’-এ একসঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পান মাওরা ও আমির। দীর্ঘদিনের গুঞ্জনের পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।