October 25, 2026, 12:30 pm

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয়ে প্রতারণা,গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের কার্যালয়ের স্টাফ পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আবু হুরায়রা ওরফে খালিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নাটোরের সিংড়া পৌর এলাকার বালুয়াবাসুয়া মহল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খালিদ হাসান রংপুর বেতারের বরখাস্তকৃত টেকনিশিয়ান এবং সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশের অভিযোগ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নাম ও তাঁর কার্যালয়ের স্টাফ পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন খালিদ। রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডিজিটাল মাধ্যম ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, তাঁর অপরাধ রেকর্ড বা পিসিপিআর পর্যালোচনায় দেশের বিভিন্ন থানায় একাধিক পূর্ববর্তী মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাটোরের সিংড়া, ঢাকার পল্টন ও সাভার, জামালপুর সদর এবং বগুড়ার গাবতলী থানাসংশ্লিষ্ট মামলার তথ্য রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে প্রতারণা ও চাঁদাবাজিসংক্রান্ত দণ্ডবিধির ধারা উল্লেখ রয়েছে। তবে সব মামলার বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। একটি মামলায় তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের তথ্যও নথিতে রয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার কথাও জানিয়েছে পুলিশ। তবে অভিযোগগুলোর বিষয়ে খালিদ হাসানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পূর্বে নথিভুক্ত মামলাগুলোর বর্তমান অবস্থা সংশ্লিষ্ট থানা ও আদালতের নথি যাচাই সাপেক্ষে নিশ্চিত করা প্রয়োজন।



ফেসবুক কর্নার