
ভারতের দিল্লিতে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় আধুনিক প্রযুক্তিতে তৈরি চিন্ময় মিশনের প্রতিষ্ঠাতা স্বামী চিন্ময়ানন্দের হোলোগ্রাম অবতারের সঙ্গে কথা বলেন তিনি। নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য আধ্যাত্মিক এই গুরুর আশীর্বাদও কামনা করেন মোদি।
হোলোগ্রামের সঙ্গে কথোপকথনের সময় মোদি বলেন, স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তাঁর জন্য পরম সৌভাগ্যের বিষয় ছিল। দেশের জন্য ভবিষ্যতে যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য তিনি আশীর্বাদ প্রার্থনা করেন। জবাবে হোলোগ্রাম অবতারটি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে সন্তোষ প্রকাশ করে এবং বলে, ‘ভারত তোমার সাথেই আছে, নরেন্দ্র।’ অনুষ্ঠানে মোদি বলেন, চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি চিন্ময় ভাবাদর্শের প্রতীক। প্রযুক্তির মাধ্যমে স্বামীজির উপস্থিতি তাঁকে ৩৩ বছর আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মোদি স্মৃতিচারণ করে জানান, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি বা মার্চে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আমন্ত্রণ জানাতে তিনি স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। স্বামীজি আমন্ত্রণ গ্রহণ করলেও ১৯৯৩ সালের ৩ আগস্ট পরলোকগমন করেন। মোদির ভাষ্য অনুযায়ী, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারপ্রধান হিসেবে দেশসেবার দীর্ঘ যাত্রায় স্বামী চিন্ময়ানন্দের চিন্তা তাঁকে অনুপ্রাণিত করেছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত সম্মেলনে ভারত ও বিদেশের ৯ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।