
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত সিনেমাটি নির্মিত হচ্ছে সার্ভাইভাল গল্পে। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এতে এক নারীর জীবনসংগ্রাম ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে।
‘ফারজানা’র গল্প আবর্তিত হয়েছে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে ঘিরে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তাঁর স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় ওই নারীর জীবনসংগ্রাম। সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়ে কীভাবে তিনি নিজের সংসার ও জীবন রক্ষার পথ খুঁজে নেন, সেই টানাপোড়েনই সিনেমাটির মূল বিষয়।
নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কয়েকটি প্রশংসিত নাটক পরিচালনা করলেও ‘ফারজানা’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পরীমনি জানিয়েছেন, সিনেমাটি নিয়ে পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগে। প্রায় ছয় মাস আগেই তাঁর লুক চূড়ান্ত করা হয়। তবে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে সিনেমাটির শুটিং শেষের পথে রয়েছে। সংশ্লিষ্টদের আশা, শিগগিরই এটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে।