
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন এ দায়িত্ব পালন করবেন। প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন (ইসি)। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন তিনি। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন।