
ইরানে রোববার নতুন করে হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের তিনি বলেন, রোববার হামলা শুরু হতে পারে, অথবা ইরানের সঙ্গে একটি ‘বড় চুক্তি’ হতে পারে। কয়েক দিন ধরেই ইরানে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হলে নতুন হামলা এড়াতে পারে। তবে ইরান চুক্তির শর্ত মেনে চলতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর মূল লক্ষ্য। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের হামলার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগের মতো তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, চুক্তি হোক বা সামরিক পদক্ষেপ—যেকোনো পথেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।