
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শুরুর আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তিনি নিজেকে অতিথি হিসেবে উল্লেখ করে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ীই তাঁকে কাজ করতে হয়।
সালাউদ্দিন বলেন, “আমি বোর্ডের কর্মচারী। বোর্ডের বাইরে থাকলে অনেক কিছু বলতে পারতাম। যেহেতু বোর্ডের কর্মচারী, আমাকে যখন যেখানে দেবে, আমি সেখানে কাজ করতে বাধ্য। কাল যদি বলে চলে যাও, চলে যাব। যদি বাইরে চাকরি করতাম, অনেক কিছুই বলতে পারতাম।”
বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা আলিসকে নিয়েও আশাবাদী সালাউদ্দিন। তিনি বলেন, এ সময়ে আলিসের মানসিক সমর্থন প্রয়োজন। তাঁর অ্যাকশনের উন্নতি দেখে দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা করছেন তিনি। তবে অ্যাকশন শুধরে বোলিংয়ের কার্যকারিতাও ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। পাশাপাশি আলিসকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে সহায়তা করাকে দলের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।